নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম ডেস্কটপ মাইক্রো কম্পিউটার

৩০ মে, ২০২৪ ০০:২৪  

নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম ডেস্কটপ মাইক্রো কম্পিউটার। তবে আশানুরূপ মূল্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিলাম সংশ্লিষ্টরা। ৩৭ হাজার ১৭৯ পাউন্ডে বিক্রি হয়েছে কম্পিউটারটি। আরও বেশি দাম উঠবে বলে প্রত্যাশা ছিল নিলাম প্রতিষ্ঠানটির। খবর টেক টাইমস।

গত ২৪ মে যুক্তরাজ্যে হ্যারিটেজ অকশনে ‘কিউ ওয়ান মডেল’ কম্পিউটারটি নিলামে তোলা হয়। লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ের স্টোরেজে সেখানকার পরিচ্ছন্নতাকর্মীরা এ গুরুত্বপূর্ণ কম্পিউটারটি খুঁজে পান। 

গত ফেব্রুয়ারিতে কিংস্টন বিশ্ববিদ্যালয়ের স্টোরেজ থেকে দুটি কিউ ওয়ান মডেল ডেস্কটপ মাইক্রো কম্পিউটার পাওয়া যায়। এরপর ক্রিয়েটিং দ্য এভরিথিং ডিভাইস শীর্ষক এক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেগুলো প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত কম্পিউটিংয়ের বিবর্তনকে তুলে ধরা হয়েছিল।

কিউ ওয়ান মডেলটিতে রয়েছে হালকা কমলা রঙের স্ক্রিন ও একটি বিল্ট-ইন কিবোর্ড। কম্পিউটারটিতে ইন্টেলের ৮০০৮ প্রসেসর ও ট্রানজিস্টরভিত্তিক লজিক সার্কিট ব্যবহার করা হয়েছিল। মাইক্রোপ্রসেসর ব্যবহার করার কারণে কিউ ওয়ান বৃহত্তর সিস্টেমের চেয়ে উন্নত পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি সহজে বহনযোগ্য ছিল।

ডিবিটেক/বিএমটি